মোঃ মাহফুজুর রহমান বিপ্লব। 

ফরিদপুরকে সুখী, সুন্দর ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে মহানগর বিএনপির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের নিরলস পরিশ্রম, সাংগঠনিক দক্ষতা ও আন্তরিক সহযোগিতার কারণেই নির্বাচনে আমরা জনগণের ব্যাপক সমর্থন পেয়েছি। দলের নেতাকর্মীদের এই অবদান আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। ভবিষ্যতেও ফরিদপুরের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

শনিবার (২১ নভেম্বর) রাতে ফরিদপুর শহরের ময়েজ মঞ্জিলে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সভায় চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ‘ফরিদপুরের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে যে আস্থা ও ভালোবাসা দিয়েছেন, তা আমার জন্য বড় দায়িত্ব। আমি সেই আস্থার প্রতিদান দিতে চাই মানুষের পাশে থেকে। ফরিদপুরের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব। এ কাজে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ফরিদপুরকে একটি উন্নত, বাসযোগ্য ও সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি মানুষের সুখ-দুঃখে পাশে থাকা জরুরি। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ফরিদপুরের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।